নিখোঁজের ৩৫ ঘণ্টা পর উদ্ধার ছাত্রদল নেতা রকির মরদেহ

0
শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি ।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে বাল্কহেডের সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সংঘর্ষে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার আকাতের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবুজ্জামান রকি শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব। তিনি শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামের মৃত হাসানুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্র ও সহযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) শৈলকুপা উপজেলার কাতলা গড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী একটি বাল্কহেডে করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। মাজার পরিদর্শন শেষে রাতে তারা ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছান।

রাত ৯টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর তীব্র স্রোতের ধাক্কায় বাল্কহেডটির পেছনের অংশ হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে লিটন ও ওহাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রকির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশসহ বিভিন্ন সংস্থা পদ্মা নদীতে অভিযান চালায়।

পাবনার ঈশ্বরদীর আকাতের ঘাট এলাকা থেকে নদী দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ ।। ছবি: সংগৃহীত

তবে নদীর তীব্র স্রোত, গভীরতা ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও রকির সন্ধান না পাওয়ায় স্বজন ও সহযাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। স্বজনরা জানান, রকি সাঁতারে দক্ষ ছিলেন। ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও নদীর স্রোতের কারণে তাকে আর দেখা যায়নি।
অবশেষে রোববার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার আকাতের ঘাট এলাকায় রকির মরদেহের সন্ধান পাওয়া যায়। সকাল ৯টার দিকে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত অফিসার হুমায়ন কবির বলেন, সকালে নিহতের পরিবারের সদস্যরা লাশের সন্ধান পেয়ে ঈশ্বরদীতে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন করা হবে।

রকির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শৈলকুপায় তার স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।