রায়পুরায় খালে ডুবে যাওয়া ৪ মাদ্রাসাশিক্ষার্থীর একসঙ্গে জানাজা, পাশাপাশি কবরে দাফন

0
নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি সামাজিক কবরস্থানে পাশাপাশি কবর খুঁড়ে ৪ শিশুর দাফনের প্রস্তুতি।। ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে দুই দিনে পৃথক ঘটনায় ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নে খালে ডুবে চার মাদ্রাসাশিক্ষার্থীর এবং শ্রীনগর ইউনিয়নে মেঘনা নদীতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই পর পর মৃত্যুর ঘটনায় পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে একটি খালে গোসল করতে নেমে তাবিয়া (১৩), আয়েশা (৯), জান্নাত (৮) ও সুমাইয়া (১০) নামের চার শিশুর মৃত্যু হয়। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহত শিশুদের পরিবার অত্যন্ত দরিদ্র এবং ঘটনার সময় তারা সাঁতার না জেনেই কাউকে কিছু না বলে খালে নেমেছিল। ওই দিন সন্ধ্যায় স্থানীয় ঈদগাহ মাঠে একসঙ্গে তাদের জানাজা শেষে সামাজিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

এই চার শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের ভেলুয়ারচরে মেঘনা নদীতে গোসল করতে নেমে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো—ভেলুয়ারচর এলাকার জান্নাতি আক্তার (৮) ও নিপা আক্তার (৭)। নদী থেকে উদ্ধার করে বেলা পৌনে একটার দিকে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সায়দাবাদের এই ঘটনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।