যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪

0
ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ আহত হয়েছেন চারজন যাত্রী। রোববার সকাল ১০টার দিকে টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, খুলনা থেকে আসা রূপসা পরিবহনের বাসটি শংকরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে জোরে ধাক্কা দেয় এবং পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন চারজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।