জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে: চাঁচড়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার এবং প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তিনি।

শুক্রবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমন্ত্রী এই উন্নয়নকাজের উদ্বোধন করেন। গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর কাজটি বাস্তবায়ন করছে। কাজটি সম্পাদনের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

একই সঙ্গে প্রতিমন্ত্রী এলাকাবাসীকে উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদারকে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি তাঁর কাছ থেকে মানসম্মত কাজ বুঝে নেওয়ার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।