চুয়াডাঙ্গা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

বুধবার (৩ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

ছবি: সংগৃহীত।

এসময় মাটিতে পুঁতে রাখা ও স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১টি (৭.৬৫ এম.এম, ইতালির তৈরি) পরিত্যক্ত পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র ও গুলিগুলো ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান সেখ জানান, ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিজিবি সদস্যরা উদ্ধারকৃত মালিকবিহীন পিস্তল, ম্যাগাজিন ও গুলি থানায় হস্তান্তর করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।