যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন ও চরমপন্থির ১৭ বছরের কারাদণ্ড

0
ছবি: চরমপন্থি মৃণাল বাহিনীর সদস্য আনিচুর রহমান শেখ আনিচ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের মামলায় আশিকুর রহমান বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অস্ত্র আইনের একটি মামলায় আনিচুর রহমান নামে কথিত এক চরমপন্থিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আলাদা আদালতে এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার জালাল মণ্ডলের ছেলে আশিকুর রহমান বাবু (৩৪) ও কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের জামাল শেখ গাইনের ছেলে আনিচুর রহমান শেখ আনিচ (৫২)।

হেরোইনের মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন এসআই সৈয়দ বায়েজীদ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ডালমিল এলাকার ভাই ভাই স্টোরের সামনে অভিযান চালান।

এ সময় তিনি সেখান থেকে আশিকুর রহমান বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার কাছ থেকে সাদা পলিথিনের ভেতর রাখা ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সৈয়দ বায়েজীদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন।

ওই মামলায় আসামি আশিকুর রহমান বাবুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিচারক রায় ঘোষণার সময় আসামি আশিকুর রহমান বাবু আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে, অস্ত্র আইনের মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার তৎকালীন এসআই দীপক কুমার দত্ত কাশিমপুর গ্রামের ছোট বিলে অভিযান চালান।

এ সময় ওই বিলের জনৈক সালাম শেখের মৎস্যঘেরের টংঘরের ভেতর থেকে তিনি চরমপন্থি মৃণাল বাহিনীর সদস্য আনিচুর রহমান শেখ আনিচকে আটক করেন। পরে তার কাছ থেকে ১টি পাইপগান ও ১টি বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই দীপক কুমার দত্ত অস্ত্র আইনে কেশবপুর থানায় মামলা করেন।

ওই মামলায় আসামি আনিচুর রহমান শেখ আনিচের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আইরিন পারভিন তাকে অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ ধারায় ১০ বছর ও ‘চ’ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিচারক রায় ঘোষণার সময় আসামি আনিচুর রহমান শেখ আনিচ আদালতে উপস্থিত ছিলেন।