ইরানে আজই ‘কঠোর আঘাতের’ হুমকি ট্রাম্পের

0
আজই ইরানে বড় হামলার হুমকি দিলেন ট্রাম্প! মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে বারুদ ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানে আজই ‘কঠোর আঘাত হানার’ সরাসরি হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার মুখে ইরান কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে এবং প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে ইরানও সেসব দেশে আর কোনো আক্রমণ চালাবে না। তবে ট্রাম্পের এই ‘আত্মসমর্পণ’ তত্ত্বকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের রাজনৈতিক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, ইরান মূলত প্রতিবেশীদের অনুরোধ করেছে যাতে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে কেউ ইরানের ওপর হামলা করতে না পারে। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার এই বাকযুদ্ধ এখন সরাসরি সংঘাতের আশঙ্কায় রূপ নিয়েছে।