৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনাধীন: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী

0
জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ ২০২৬) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নৈতিক শিক্ষার প্রসারে এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়া অনিয়ন্ত্রিতভাবে চলা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

সাংসদ এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তবে প্রয়োজন সাপেক্ষে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা ভবিষ্যতে বিবেচনা করা হবে। এমপিওভুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শীঘ্রই নতুন আবেদন আহ্বান করা হবে এবং পুরাতন আবেদনগুলো পুনরায় নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হবে। এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।