৯৬ শতাংশ পুলিশ সদস্যই ফিরতে চান পুরোনো পোশাকে

0
১ লাখ ৪ হাজারের বেশি সদস্য আগের নেভি ব্লু পোশাকে ফেরার পক্ষে মত দিয়েছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ পুলিশের সিংহভাগ সদস্যই বর্তমানের লৌহ (আয়রন) রঙের ইউনিফর্ম বদলে আগের সেই পরিচিত গাঢ় নীল (নেভি ব্লু) পোশাকে ফিরতে চান। বুধবার (৪ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক জরিপ থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ১ লাখ ৮ হাজার ৬৪১ জন সদস্যের ওপর পরিচালিত এই লিখিত জনমত যাচাইয়ে দেখা গেছে, ৯৬ দশমিক ৫৭ শতাংশ সদস্যই পুরোনো পোশাকের পক্ষে রায় দিয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত সোম ও মঙ্গলবার দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ প্যারেডে এই মতামত সংগ্রহ করা হয়। এতে ১ লাখ ৪ হাজার ৯১৩ জন সদস্য আগের নেভি ব্লু শার্ট-প্যান্ট এবং মহানগরের জন্য সবুজ শার্টের পক্ষে মত দেন। বিপরীতে বর্তমান পোশাক বহাল রাখার পক্ষে মত দিয়েছেন মাত্র ৯১১ জন।

এদিকে আজ ডিএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছিল যে, কোনো জনমত যাচাই ছাড়াই তড়িঘড়ি করে বর্তমান পোশাকটি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা অন্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিনতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।