৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।। ছবি: সংগৃহীত
জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার দেশটির সরকারি গেজেট ‘ফেডারেল রেজিস্টার’-এ নোটিশ জারির মাধ্যমে এই নতুন শুল্কহার ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, নতুন এই শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত। এতে বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

একই হারের শুল্ক তালিকার অন্তর্ভুক্ত অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগো।

অন্যদিকে চীন ও ভিয়েতনামসহ ৩৮টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে।

এমনকি মার্কিন মিত্রদেশ ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ওপরও তাদের আগের শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আগের ট্রাম্প প্রশাসনের ঘোষিত ১০ শতাংশ সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার পরপরই নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে যেসব দেশের পণ্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেগুলো আগামী ২৮ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই বর্ধিত শুল্কের আওতামুক্ত থাকবে।