চুয়াডাঙ্গায় ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক- ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা-৬ বিজিবি মেহেরপুর জেলার আনন্দবাস গ্রাম থেকে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের চোরাকারবারীকে আটক করেছে। আটক জাহাঙ্গীর শেখ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আফসার শেখের ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদে জানতে পারেন, চোরাকারবারিরা মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মার্কিন ডলার পাচার করবে। এরপর অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলায় অবস্থান নেয়।

এ সময় জাহাঙ্গীর শেখকে ঘাসের বস্তা নিয়ে শূন্য রেখা এলাকা হতে বাইসাইকেলে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। ওই সময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার হাতে থাকা ঘাসের বস্তা তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট জব্দ করা হয়।

পরে টহলদল জব্দ করা ৫টি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে ১টি বাইসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মার্কিন ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক দাম ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।

এ ব্যাপারে নায়েব সুবেদার হারুন অর রশিদ মুজিবনগর থানায় একটি মামলা করে আটক জাহাঙ্গীর শেখকে থানায় হস্তান্তর ও জব্দ করা মার্কিন ডলার আদালতের আদেশে মেহেরপুর ট্রেজারিতে জমা দেন।