৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে খুলনা জেলা বিএনপির কর্মসূচি গ্রহণ

0

খুলনা ব্যুরো ॥ বর্ণাঢ্য আয়োজনে দলের ৪৬ বছর প্রতিষ্ঠবার্ষিকী পালনের প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা বিএনপি। শনিবার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতিসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক, প্রচার ও দপ্তর উপ-কমিটি নামে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানকে আহ্বায়ক ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যূষে খুলনার সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ, ২ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি, ৫ সেপ্টেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএ রহমান বাবুল, রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হাসান বাবুল, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, ডা. আব্দুল মজিদ, অ্যাড. আবদুস সাত্তার, অসিত কুমার সাহা, একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, এসএম মুর্শিদুর রহমান লিটন প্রমুখ। শুরুতেই কুরআন তিলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।।