৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোজাফফর

0
চট্টগ্রাম সার্কিট হাউসের সেই রাতে সরাসরি গুলি চালিয়েছিলেন মোজাফফর; অবশেষে ডিবি পুলিশের জালে ।। ছবি: সংগৃহীত
দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, সেই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন।

অভিযোগ রয়েছে, মেজর মোজাফফরই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে তাকে লক্ষ্য করে প্রথম সরাসরি গুলি চালিয়েছিলেন। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই তিনি চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে জানান, ‘The President has been killed.’

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। তবে সেই সময় থেকে মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ আত্মগোপনে চলে যান।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের আগ পর্যন্ত দীর্ঘ ৪৫ বছর মেজর মোজাফফর বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে আত্মগোপন অব্যাহত রাখেন।

দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই আটকের মধ্য দিয়ে দেশের ইতিহাসের অন্যতম আলোচিত এই রাজনৈতিক হত্যাকাণ্ডের দীর্ঘদিনের একটি অমীমাংসিত অধ্যায়ে নতুন মাত্রা যুক্ত হলো। এখন সেনাবাহিনীর নিজস্ব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।