৩ হাজার ৮৫০ ইয়াবাসহ আটকের পর জানা গেল তারা মা ও ছেলে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের মন্ডলগাতি গ্রামের আকিজ পেট্রোল পাম্পের সামনে থেকে ডিবি পুলিশের হাতে আটক হলেন মুমিনা খাতুন কাজল নামে এক নারী। তার কাছ থেকে উদ্ধার হল ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা। একই দিন সন্ধ্যায় ডিবির একই দল যশোর শহরের গুরু দাস বাবু লেনস্থ পাইপপট্টি থেকে ৫ পিস ইয়াবাসহ আটক করে আরাফাত মিমি নামে এক যুবককে। তাদেরকে যখন নেয়া হল ডিবি কার্যালয়ে তখনই জানা গেল সম্পর্কে তারা মা ও ছেলে।


অভিযানকারী দলের এসআই শামীম হোসেন জানান, দুই জনকে এক জায়গায় করার আগ পর্যন্ত তারা জানতেন না যে, আলাদা অভিযানে ইয়াবাসহ তারা মা ও ছেলেকে আটক করেছেন। গতকাল সোমবার যশোরের ডিবি পুলিশ জানায়, রবিবার বিকেল থেকে তারা যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা-ছেলেসহ ১০ মাদক ব্যবসায়ী আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। গত রবিবার বিকেলে এসআই শামীম হোসেন ও এসআই সাদ্দাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামে ্আকিজ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান। সেখান থেকে তারা ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুমিনা খাতুন কাজল (৪২) নামে এক নারীকে আটক করেন। তিনি খুলনার দৌলতপুরের দেয়ানা এলাকার মৃত আজিজুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি যশোর শহরের লালদিঘির পূর্বপাড়ে বসবাস করেন। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবি পুলিশের একই টিম শহরের গুরুদাস বাবু লেনে পাইপপট্টিতে অভিযান চালিয়ে মুমিনা খাতুন কাজলের ছেলে আরাফাত মিমিকে (২৬) ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম ও এসআই রইস আহমেদ উপশহরে ‘কে আর ডলফিন’ নামে একটি ইজিবাইকের শো-রুমের সামনে অভিযান চালান। সেখান থেকে তারা ১০৬ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ কাউসার সরদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। কাউসার সরদার চৌগাছা উপজেলার বেলেমাটিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। অভিযানের সময় সেখান থেকে আরও দুজন পালিয়ে যান। তারা হলেন, চৌগাছার উপজেলা পাড়ার অধীর সরদারের ছেলে বিশ্বজিৎ সরদার (৬০) এবং মনিরামপুর উপজেলার সুন্দ্রা গ্রামের মৃত নরেন্দ্র নাথের ছেলে আলোক দাস (৫০)। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের আরেকটি টিম শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের জনৈক আসাদুলের বাড়ির সামনে অভিযান চালায়। সেখান থেকে দেড় কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। এরা হলেন সরুপদাহ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২১) এবং ছোট মান্দারতলা গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে ইসরাফিল মণ্ডল (৬৬)।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতয়ালি থানা পুলিশের এএসআই হযরত আলী সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেন। তিনি সুজলপুর গ্রামের আবুল কাশেম মনুর ছেলে। বিকেল সাড়ে ৫টার দিকে চাঁচড়া চেকপোস্ট থেকে ৪শ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম (৫০) নামে এক নারীকে আটক করে স্থানীয় ফাঁড়ির পুলিশ। আটক ফাতেমা বেগম শার্শা উপজেলার গাজীপুর মধ্যপাড়ার মৃত হুমায়ুন কবিরের স্ত্রী। রাত ৯টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই সাব্বির হাসান যশোর শহরের বারান্দীপাড়া কাঁঠালতলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেন। তিনি একই এলাকার আব্দুল গফুরের ছেলে। অপরদিকে সোমবার ভোর ৫টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে আটক করেন। তিনি একই এলাকার জনৈক চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া। একইদিন সকাল ১০টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামানের নেতৃত্বে একটি টিম স্থানীয় চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দেড় কেজি গাঁজাসহ রাজিব হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার রায়পুর গ্রামের আব্দুর রহিম হোসেনের ছেলে।