৩ মাসের মধ্যে খুলনায় বিএমএ’র নির্বাচন

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) খুলনা জেলা শাখার নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে যাবতীয় কাজের সমন্বয় করার জন্যে বর্তমান কার্যকরী কমিটির সাথে নতুন ৩ সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তিন বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়া কমিটির তিন মাসের মধ্যে নির্বাচনের খবরে স্বাগত জানিয়েছেন তৃণমূলের চিকিৎসক ও নেতৃত্ব প্রত্যাশীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন খুলনা জেলা শাখার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ডা. সুমন রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. কাজী হামিদ আজগর, স্বাচিপ খুলনা জেলা সভাপতি ডা. সামসুল আহসান মাসুম, বিএমএ সহ-সভাপতি ডা. মোল্লা হারুণ অর রশীদ, ডা. ধীরাজ মোহন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মামুন অর রশীদ প্রমুখ। সভায় অভিযোগকরা হয়, বর্তমান কমিটি তিন বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ সময় চিকিৎসকরা নতুন নেতৃত্ব চান এবং অবিলম্বে নির্বাচনের দাবি করেন। তাদের যৌক্তিক দাবির সাথে সহমত প্রকাশ করেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. কাজী হামিদ আজগর, ডা. আনোয়ারুল আজাদ, ডা. মামুন অর রশীদ, ডা সুমন রায়সহ অনেকে। ফলে সংগঠনের সভাপতি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দেন। এ উপলক্ষে যাবতীয় অনুমোদন ও কেন্দ্রের সাথে সমন্বয়ের জন্য নির্বাচন কমিশন গঠনের আগ পর্যন্ত বর্তমান ইসি কমিটির সাথে নতুন তিন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। নতুন তিন সদস্য হলেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. কাজী হামিদ আজগর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলা সভাপতি ডা. সামসুল আহসান মাসুম ও যুগ্ম-সম্পাদক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী।