শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরায় আটক

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম বকুলকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রোববার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আটক শরিফুল ইসলাম বকুল শার্শা উপজেলার কন্যাদহ গাইনপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

শার্শা থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম বকুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল ইসলাম বকুল পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-৬-র সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আটক শরিফুল ইসলাম বকুলের স্বজনরা জানান, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে বকুলকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।পরিবারের সদস্যরা বিষযটি অধিক তদন্তের দাবি জানিয়েছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।