৩ দফা দাবি আদায়ে আল্টিমেটাম বিচার বিভাগীয় কর্মচারীদের

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের অধস্তন আদালতের কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন। শুক্রবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৯ সালে সরকার বিচারকদের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসবেতন স্কেল নামে একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা একই দফতরে বা আদালতে বিচার কার্যে বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্ত্বেও আমাদেরকে বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আমরা বিচার বিভাগের সব ধরনের সুযোগ সুবিধা হতে বঞ্চিত। এছাড়াও বিচারকরা স্বতন্ত্র বেতন কাঠামোর পাশাপাশি দেওয়ানি আদালতের অবকাশকালীন সময়ে ফৌজদারি আদালতে দায়িত্ব পালন করার জন্য একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অবকাশকালীন ভাতা হিসেবে প্রাপ্ত হন এবং সম্মানিত বিচারকরা প্রতি মাসেই বিচারিক ভাতা হিসেবে মূল বেতনের ৩০ শতাংশ প্রাপ্ত হন। চৌকি আদালতের বিচারকরা চৌকি ভাতা পান। কিন্তু পরিতাপের বিষয় বিচার বিভাগের সহায়ক কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের অন্তর্ভুক্ত না করায় আমরা এসব ভাতা থেকেও বঞ্চিত হচ্ছি। এসময় তিনি তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করে হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করতে হবে। অধস্তন সব আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে।