চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

0
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, যাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের আগের আদেশ বাতিল করেছেন আদালত।। ফাইল ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্ববর্তী আদেশটি বাতিল করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এই আদেশ বাতিলের আবেদন জানালে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। আজ বাদীর আবেদনের প্রেক্ষিতে পূর্বের সেই আদেশটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ৩০ বছর পর তাঁর মরদেহ কবর থেকে উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার বাস্তব সম্ভাবনা নেই। উল্টো এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব যৌক্তিক দিক বিবেচনা করেই আদেশটি বাতিলের আবেদন করা হয়েছিল।

আদালতে পেশ করা আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ফলে মরদেহ উত্তোলনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক বাধা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। এ বিষয়ে সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী) এবং মামলার বাদীর তীব্র আপত্তি রয়েছে। শুনানির সময় বাদী আলমগীর কুমকুম সশরীরে আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তাঁর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও চলচ্চিত্র অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।