আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের; তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা

0
তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটির মাঠে নামার মতো কোনো নৈতিক সাহস নেই। লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারদের নৈতিক সাহস থাকে না। সবাই সবকিছু ভুলে গেলে হয়তো তারা বড় গলায় কথা বলতে পারবে, এর আগে নয়। তিনি টেকনিক্যাল দিক ব্যাখ্যা করে বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না, তা বিচারের পর নির্ধারিত হবে এবং ওই সময় পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই অবস্থায় দলটি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চাইলে তা আইন ভঙ্গকারী হিসেবে গণ্য হবে এবং সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে। এতে অন্য রাজনৈতিক দলগুলোর মাঠে নামার বা কিছু করার প্রয়োজন নেই।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা অন্য একটি প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করার খবর নিশ্চিত করেন। ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির এই সংকট মোচনকে বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, সীমাহীন সাহসিকতা, সুনিপুণ নৌ-কৌশল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক দিকনির্দেশনায় ‘বাংলার জয়যাত্রা’ এই চরম সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে, যা বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের উদাহরণ হয়ে থাকবে।