মিরপুর চিড়িয়াখানা থেকে গবেষণা ইনস্টিটিউটে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

0
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা থেকে দেশ-বিদেশে ব্যাপক আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। গত রোববার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে। বর্তমানে মহিষটিকে বিশেষ নজরদারিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত এই মহিষটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে গঠিত এই কমিটিতে মোট ১৩ জন সদস্য রয়েছেন।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানার পরিবেশ থেকে আসায় মহিষটিকে আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে সেটি কোনো রোগে আক্রান্ত কি না তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু পূর্ববর্তী খামারিরা মহিষটিকে মাংস উৎপাদনের জন্য মোটাতাজাকরণ (ফ্যাটেনিং) প্রক্রিয়ায় তৈরি করেছিলেন, তাই এটিকে দীর্ঘ মেয়াদে বাঁচিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ার পর মহিষটি প্রজননের উপযোগী কি না, তা পরীক্ষা করে পরবর্তী গবেষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করার সময় মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে এর নাম রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে। পরবর্তীতে গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এটি ব্যাপক পরিচিতি পায়। কোরবানির আগে কেরানীগঞ্জের এক ক্রেতা মহিষটি কিনে নিলেও ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ সেটিকে উদ্ধার করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠিয়েছিল।