২৮ বছরে পা দিল লোকসমাজ আজ

0

বিশেষ প্রতিনিধি॥ দৈনিক লোকসমাজ আজ ২৮ বছরে পা দিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকতায় আধুনিকতার ছোঁয়া এনে পাঠক প্রিয়তায় এগিয়ে থাকা সংবাদ মাধ্যমটি তার অবস্থান ধরে রেখেছে আজও। এ অঞ্চলের অন্যতম সেরা রাজনীতিক তরিকুল ইসলামের প্রকাশনায় প্রতিশ্রুতিশীল সংবাদ প্রকাশের দায়িত্ব নিয়ে ১৯৯৬ সালের ৩০ অক্টোবর যাত্রা শুরু হয়েছিল লোকসমাজের। যা আজও স্বমহিমায় চলমান।
যাত্রার শুরুতে দৈনিক লোকসমাজের সাথে ছিলেন একঝাঁক তরুণ সাংবাদিক। তাদের মেধা ও মননশীলতায় পত্রিকাটি খুব অল্প সময়ে পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এবং দীর্ঘ পথপরিক্রমায় পাঠকের চাহিদার ব্যত্যয় হয় এমন কোন সংবাদ প্রকাশ করেনি দৈনিকটি। শুরুতেই বস্তুনিষ্ঠতার প্রতি খেয়াল রেখে সততার সাথে সংবাদ পরিবেশন করে এসেছে দৈনিকটি। যা এখনো অব্যাহত আছে। সাংবাদিকতার নীতি- নৈতিকতার মানদন্ডে আসেনা এমন কোন সংবাদ প্রকাশ না করার ব্যাপারে থেকেছে অবিচল। এবং তা করতে গিয়ে কখনো কখনো পাহাড়সম চাপ সহ্য করতে হয়েছে। কখনো কোন অন্যায় – অন্যায্য তথ্যের সাথে আপোস করেনি লোকসমাজ। মুখরোচক নয় বরং বস্তুনিষ্ঠতাকে সবসময় সংবাদ প্রকাশের মানদ- হিসেবে বিবেচনা করেছে। এবং এটা করতে গিয়ে প্রত্রিকাটির ওপর কখনো নেমে এসেছে অন্যায় খড়গ। বন্ধ করে দেয়া হয়েছে এর মিডিয়া তালিকাভুক্তি।
অন্যায় খড়গের ভয়ে ভীত হয়ে দৈনিকটি কখনো সংবাদপত্রের নীতিমালা বিচ্যুত হয়নি। বিসর্জন দেয়নি সম্পাদকীয় নীতি বা আদর্শ। সব সময় পাঠকের প্রতি দায়বদ্ধ হয়ে সত্যের ওপর ভর করে দৈনিক লোকসমাজ সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি রক্ষা করে গেছে। এখনো যাচ্ছে। তা করতে গিয়ে কোন বিশেষ দল বা মতের প্রতি কখনো ঝুঁকে পড়েনি। যা কিছু প্রকাশযোগ্য তা প্রকাশ করেছে। এবং যা কিছু প্রকাশ অযোগ্য তা পরিহার করেছে। অশ্লীল বা রগরগে সংবাদ প্রকাশ করে সস্তা জনপ্রিয়তার দিকে ধাবিত হয়নি। তাইতো সুপ্রিয় পাঠকও কখনো দৈনিক লোকসমাজকে ছেড়ে যাননি।
প্রতিষ্ঠাবার্ষির্কীর এ দিনে আবারো পাঠকের সাথে থাকার ব্যাপারে দৃঢ়তা ব্যক্ত করেছেন লোকসমাজের বর্তমান প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।
তিনি বলেন, শত বন্ধুর পথ পাড়ি দিয়ে হলেও আমরা পাঠককে দেয়া প্রতিশ্রুতিতে অবিচল থাকবো। পাঠক, বিজ্ঞাপনদাতা ও পরিবেশকরা লোকসমাজের সাথে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।