২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ

0
১১ দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন; ২৬৮ আসনে একক প্রার্থী দিচ্ছে হাতপাখা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট থেকে বেরিয়ে আসার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘ইনসাফের অভাব’ এবং ‘ইসলামি আদর্শ থেকে বিচ্যুত হওয়ার’ অভিযোগ তুলে চরমোনাই পীরের এই দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির তাদের সাথে আলোচনা না করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলছেন, যা একটি ‘পাঁতানো নির্বাচনের’ শঙ্কা তৈরি করেছে। এছাড়া এনসিপি-র মতো দলের অন্তর্ভুক্তি নিয়েও ইসলামী আন্দোলনের আপত্তি ছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে ইসলামী আন্দোলনের ২৭০টি মনোনয়নপত্রের মধ্যে ২৬৮টি বৈধ হয়েছে। দলটির দাবি ছিল ১৫০টির বেশি আসন, কিন্তু জামায়াত ৪৭টি আসন স্থগিত রেখে সমঝোতার চেষ্টা করলেও তাতে সায় দেয়নি ইসলামী আন্দোলন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত ধর্মভিত্তিক দলগুলোর একক ভোটের বাক্সে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই জোট ত্যাগের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।