আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

0
বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কতামূলক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কতামূলক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আপাতত এই রিপোর্টটি সরকার আমলে নিচ্ছে না।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এখনও প্রতিবেদনটি নিজে পড়েননি। তবে সংবাদমাধ্যমে এ বিষয়ে যা প্রকাশিত হয়েছে, তার ওপর ভিত্তি করে তিনি বলেন, “প্রতিবেদনে যা তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর। ফলে এমন তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।”

জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “(জাতিসংঘের প্রতিবেদনে) সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।”

নিরাপত্তার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী জানান, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে দেশের নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল অনুমানের ওপর ভরসা করে পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে সোমবারের সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর দেওয়া প্রতিবেদন পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।