২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা নিজেই জানালেন তারেক রহমান

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে সে দেশে আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে দেশে ফেরার কথা জানান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয় ১৬ ডিসেম্বর আমাদের ‘বিজয় দিবস’ এবং একইসঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম, কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাসভবন, অফিস ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। ওই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান। পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার রাখা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনটি নতুন অফিস হিসেবে ভাড়া নিয়েছে বিএনপি। এখানেও পৃথক চেম্বার থাকছে তারেক রহমানের।

গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সামনে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে এবং সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, তারেক রহমান সেখানে অবস্থান করবেন বলেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর পদে নিয়োজিত ছিলেন।