১৫ বছরে জাতীয় দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার — বাদ বিশ্বকাপজয়ী সূর্যকুমার

0
দীর্ঘ বিরতির পর ভারতের টি-টুয়েন্টি দলে ফিরে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া শ্রেয়াস আইয়ার এবং আইপিএলে অতিমানবীয় পারফরম্যান্সের পর মাত্র ১৫ বছর বয়সে ভারতের জাতীয় দলে ডাক পাওয়া বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে একসঙ্গে দুটি বড় চমক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারত। নতুন টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আর মাত্র ১৫ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। একই সঙ্গে গত মার্চে ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব শুধু অধিনায়কত্বই হারাননি, বাদ পড়েছেন দল থেকেও।

শচীনের আগে ইতিহাস গড়তে পারেন সূর্যবংশী

আইপিএলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে আলোচনায় আসা বৈভব সূর্যবংশীর বয়স এখন মাত্র ১৫। আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে অভিষেক হলেই ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন তিনি। উল্লেখ্য, কিংবদন্তি শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিন বয়সে এবং ওয়ানডে অভিষেক ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

কেন বাদ সূর্যকুমার?

গত মার্চে ভারতকে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো ৩৫ বছর বয়সী সূর্যকুমারের বাদ পড়াটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। তবে পরিসংখ্যানই হয়তো সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ২৪২ রান এবং সদ্যসমাপ্ত আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৬ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ২৭০ রান — ফর্মটা স্পষ্টতই তাঁর অনুকূলে নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বয়সের বিবেচনা; ২০২৮ সালের পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৮ বছর।

আইয়ারের প্রত্যাবর্তন ও নেতৃত্বের রেকর্ড

২০২৩ সালের পর টি-টুয়েন্টি দলে জায়গা না পাওয়া শ্রেয়াস আইয়ার এবার সরাসরি অধিনায়ক হিসেবে ফিরলেন। অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড উজ্জ্বল — ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা এনে দিয়েছেন, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে নিয়ে গেছেন ফাইনালে। ব্যাট হাতেও আছেন দুর্দান্ত ফর্মে; আইপিএল ২০২৫-এ ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান এবং আইপিএল ২০২৬-এ ১৬৮.৮১ স্ট্রাইক রেটে ৪৯৮ রান।

এ ছাড়া দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদীপ যাদব। হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে বুমরাকে এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে।

সামনের সূচি

আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি দিয়ে সফর শুরু হবে। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত।