১১ নভেম্বরের নির্বাচন নিয়ে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে দুই ভাই খুন, মাগুরায় মেম্বার প্রার্থীকে কুপিয়ে জখম

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হিংসাত্মক ঘটনায় সহিংসতা বেড়েই চলেছে। স্থানীয় কোন্দলে প্রাণ হারাচ্ছে একই পরিবারের একাধিক সদস্য। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমে প্রার্থী ও তাদের কর্মীদের নৃশংসতায় চরম আতংকজনক পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন এলাকাগুলোতে। গতকাল মেহেরপুরে প্রাণ হারিয়েছেন দুই ভাই। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পক্ষের হামলায় মাগুরায় জখম হয়েছেন এক মেম্বর প্রার্থী।
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা লক্ষী নারায়ণপুর গ্রামে সোমবার সকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫-৩০ জন। নিহত জাহারুল ও সাহারুল আপন ভাই। দুইজনের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের অনেককে কুষ্টিয়া, রাজশাহী এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিয়নের নির্বাচন। গতকাল সকাল ১০টার দিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থী আতিয়ার ও টুটুল পক্ষের লোকজন ভোট চাইতে রাস্তায় নামে। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দুইজন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এই সময় আহত হয় দুই পক্ষের ২৫-৩০ জন কর্মী সমর্থক। এই ঘটনায় ওই গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল ইসলাম সংবাদিকদের বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে আকস্মিক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। গ্রামের বর্তমানে মেম্বার এবং নতুন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে এই সংঘর্ষ। পরিস্থিতি শান্ত করতে গ্রামে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সূত্রপাত এবং দোষীদের খুঁজে তাদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে। কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান রানা জানান, তার ইউনিয়নের ধলা গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা। ওই গ্রামের ৭নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে এই মারামারি ঘটনা। ঘটনার পর গ্রামে পুলিশ গিয়েছে। গ্রামে এখন শান্ত অবস্থা বিরাজ করছে।
অপরদিকে মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে। শনিবার রাতে সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ী গ্রামে এই হামলা হয়। আহত সিরাজুল ইসলাম (৫৫) শিয়ালজুড়ী গ্রামের প্রয়াত ইউসুফ মোল¬ার ছেলে। তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম সদস্য পদপ্রার্থী। এ ঘটনায় সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে রোববার মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম অভিযোগ করেন, তিনি সদরের গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদ্য পদপ্রার্থী। নির্বাচনী প্রচার শেষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী কুমারেশের বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। “এ সময় প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আশরাফুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল দুবৃর্ত্ত সেখানে এসে আমাকে ঘিরে ধরে। তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় কুপিয়ে জখম করে এবং বেধড়ক মারধর করে।” পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, “রাতে আমি নির্বাচনী প্রচার কাজ করি না। শুনেছি মেম্বার প্রার্থী হয়ে নৌকার ভোট চাইতে গিয়ে হুমকি-ধামকি দেওয়ায় কে বা কারা তাকে মেরেছে। সিরাজুল ইসলামের উপর হামলার ঘটনার সাথে আমি বা আমার লোকজনের কোনো সংশি¬ষ্টিতা নেই।”
প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী হওয়ায় ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে তার ভাষ্য। মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় সিরাজুল ইসলামের চাচা সাত্তার মোল¬া বাদী হয়ে রোববার বিকালে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়ছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।