রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: রাশেদ খান

0
বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকেই স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকেই স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, রুমিন ফারহানা অতীতে আওয়ামী লীগের বিরোধী অবস্থান নিলেও এখন দলটির সভানেত্রীর মতো ভূমিকা পালন করছেন।

যখনই তিনি বিএনপির মনোনয়ন পেলেন না, সেদিন থেকেই তাঁর বক্তব্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং তিনি এখন শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে রুমিন ফারহানা কর্তৃক ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিকভাবে তিনি এখন বিএনপি থেকে ছিটকে পড়েছেন।

এদিন ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খান। নামাজ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন।

এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।