হাসপাতালে ম্যাজিস্ট্রেট আসতেই দালালরা ‘ভোঁ-দৌড়’

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূহুর্তের মধ্যেই সটকে পড়ে দালাল চক্রের সদস্যরা।

বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

বুধবার ঠিক দুপুর ১২টা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার বাসুদেব কুমার মালো’র নেতৃত্বে পুলিশি পাহারায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িটি যখন হাসপাতাল চত্বরে প্রবেশ করে, তখন সেখানে ছিল দালালদের চিরচেনা ভিড়। কিন্তু আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পাওয়া মাত্রই শুরু হয় হুড়োহুড়ি। যে যেদিকে পারেন ‘ভোঁ-দৌড়’ দিয়ে সীমানা বাইরে পালিয়ে যান দালালরা।

অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড এবং প্যাথলজি বিভাগের সামনে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। দীর্ঘ এই অভিযানে হাসপাতালের প্রতিটি কোণ যাচাই করা হলেও প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে কোনো দালালকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি।

মূলত পুলিশের গাড়ি দেখে আগেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আধা ঘণ্টাব্যাপী এই অভিযান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত প্রস্থান করেন।

দালাল নির্মূলের এই অভিযানে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের ডা. মৌসুমী বিনতে মানিক এবং ২৫০ শয্যা হাসপাতালের ডা. আ.ন.ম বজলুর রশিদ টুলু।