যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরোণোত্তর চক্ষুদান দিবস পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরোণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতালের চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন সাফায়াত।

জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন দেশের মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সামাজিক জীবনে মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। কেউ চক্ষু হারিয়ে আবার কেউ রক্তের অভাবে ভোগেন। তাদের সাহায্য করার লোক থাকেনা। আবার অর্থের অভাবে অনেকেই তাদের সমস্যার সমাধান করতে পারেন না। অসহায় অবস্থার মধ্যে জীবন যাপন করেন। তাই তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অসহায়দের সহযোগিতা করার জন্য মৃত্যুর আগে চক্ষুদান করতে হবে। রক্ত দানে যারা সক্ষম তাদেরকে রক্ত দান করতে হবে।

দেলোয়ার হোসেন খোকন সকলকে মরোণোত্তর চক্ষুদান ও রক্তদান করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

র‌্যালিতে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সহযোগী অধ্যাপক ডা. এবিএম দেলোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুল সাদিক এবং আরএমও ডা. মো. আহসান কবির বাপ্পী প্রমুখ অংশ নেন।