হাদী হত্যার বিচারের দাবিতে বেনাপোলে ছাত্র-জনতার ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি

0

বেনাপোল সংবাদদাতা ॥ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলায় ছাত্র-জনতার উদ্যোগে ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। তারা বলেন, “এই বাংলায় খুনিদের কোনো ঠাঁই নেই। অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

চেকপোস্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।