হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে দেরির অভিযোগ: চরম ভোগান্তিতে যাত্রীরা

0
নলচিরা ঘাটে নোঙর করে রাখা ফেরি ‘মহানন্দা’, যা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘক্ষণ বিলম্বে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ফেরিঘাটে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের জন্য নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এই ঘটনায় শত শত যাত্রী তীব্র ভোগান্তিতে পড়েন। অনেকেই ঢাকাগামী রাতের বাস মিস করে সারারাত বাস কাউন্টারে কাটাতে বাধ্য হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি মহানন্দা গতকাল বিকেল সোয়া ৪টায় হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায়। নিয়ম অনুযায়ী, যাত্রী, যানবাহন ও পণ্য উঠানামায় সর্বোচ্চ সোয়া এক ঘণ্টা সময় লাগে। সেই হিসাবে সন্ধ্যা সাতটার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রাত আটটার পর ফেরিটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারাপারের জন্য বুকিং নেওয়া হয়েছিল। কিন্তু ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পরও বুকিং করা যানবাহনগুলো উঠতে দেওয়া হয়নি। ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘ সময় আটকে থেকে বিশেষভাবে নারী ও শিশু যাত্রীরা চরম কষ্টে পড়েন।

ফেরির যাত্রী জসিম উদ্দিন বলেন, “নির্দিষ্ট সময় পার হওয়ার পর কেন ফেরি ছাড়া হচ্ছে না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এ সময় ফেরিতে কয়েক শ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।” বেশ কয়েকজন যাত্রী জানান, এই দেরির কারণে তারা চেয়ারম্যান ঘাট, সোনাপুর বা জেলা শহর মাইজদী পৌঁছে ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি।

ফেরির মাস্টার মোজাম্মেল হক স্বীকার করেন যে আগেভাগেই তাদের জানানো হয়েছিল সংসদ সদস্য আসবেন বলে ফেরি ছাড়তে দেরি হবে। এ কারণে শুরুতে গাড়িগুলো ওঠানো হয়নি, যাতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। তবে ফেরি মাস্টার দাবি করেন, স্বাভাবিকের তুলনায় পৌনে এক ঘণ্টার মতো দেরি হয়েছে — দুই ঘণ্টা নয়।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ প্রথম আলোকে বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। তার দাবি, ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল, যার ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়েই তিনি ফেরিঘাটে পৌঁছেছেন এবং নিজেকেও প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেয় ও ব্যর্থ প্রমাণ করতে অপপ্রচার হিসেবে চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।