সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

0
ছবি: সংগৃহীত।

সুলতান মাহমুদ, নড়াইল ॥ বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃংখলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক,পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, গণপূর্ত অধিদপ্তরের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, জেলা সমবায় অফিসার মোসা. আমিনা পারভিন, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তাই করবে। সরকারের প্রতিশ্রুতি মোতাবেক ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কাজ চলমান রয়েছে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে নৈতিকভাবে জাগ্রত হয়ে দুর্নীতির উর্দ্ধে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।