হত্যা মামলায় যবিপ্রবির নৈশপ্রহরী বাদল কারাগারে

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চুড়ামনকাটিতে আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন আলম হত্যা মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৈশপ্রহরী বদিউজ্জামান বাদলকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতে বাদল আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আসামি বাদল সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে চুড়ামনকাটির ছাতিয়ানতলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন আলমকে। এই ঘটনায় ২৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী রেকসোনা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন দফাদারের ছেলে তানভীর হাসান রক্সি ও মানিক মন্ডল নামে দুই আসামিকে আটক করে পুলিশ। তবে এই মামলার এজাহারভুক্ত আসামি বাদল পুলিশি হয়রানি এড়াতে গত ২ অক্টোবর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য অর্ন্তবর্তীকালীন জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষে গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। বদিউজ্জামান বাদলের বিরুদ্ধে হত্যা, মাদক, সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে।