সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিন্টুর ভাগ্নে নিহত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে শাকিল আহম্মেদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিল আহম্মেদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদাগ্রামের আব্দুল হামিদের ছেলে ও দৈনিক লৈাকসমাজের স্টাফ রিপোর্টার (চৌগাছা) মুকুরুল ইসলাম মিন্টুর ভাগ্নে।
নিহতের বড় ভাই মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত ১০ টার পর তার ছোট ভাই মোটরসাইকেলে যশোর শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সাড়ে দশটার দিকে তারা জানতে পারেন তার ভাই শাকিল আহম্মেদ বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে যশোর কোতয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। রাতেই পরিবারের সদস্যরা নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। এদিকে শুক্রবার বাদজুমা নামাজে জানাজা শেষে নওদাগ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুর ভাগ্নেকে দেখতে যান চুড়ামনকাটি প্রেস ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চৌগাছা প্রেস ক্লাবের নেতা খলিলুর রহমান জুয়েল।
তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ শাহানুর আলম উজ্জল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক ইমাম হোসেন সাগর, গুলজার খান প্রমুখ।