বিকাশ ও রবিসহ ৪ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

0
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়।। ছবি: সংগৃহীত

দেশে চারটি নতুন ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে খুব শিগগিরই এসব ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ব্যাংক চারটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাথমিক অনুমোদন পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভুটানের ডিকে ব্যাংকের উদ্যোক্তাভিত্তিক ‘ডিজিটাল ব্যাংকিং অব ভুটান’, বিকাশের শেয়ারধারীদের উদ্যোক্তায় ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’, বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগে ‘নোভা ডিজিটাল ব্যাংক’ এবং রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেডের উদ্যোক্তায় ‘বুস্ট ডিজিটাল ব্যাংক’। এছাড়া আগে প্রাথমিক অনুমোদন পাওয়া ‘কড়ি ডিজিটাল ব্যাংক’কেও চূড়ান্তভাবে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংক আবেদনপত্র গ্রহণ করলে মোট ১৩টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। এসব আবেদনের পেছনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণদানকারী সংস্থা, মোবাইল অপারেটর ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো যুক্ত ছিল।

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করে। তবে তৎকালীন গভর্নরের দায়িত্বকালে অভ্যন্তরীণ নানা জটিলতা ও কর্মকর্তাদের বিক্ষোভের কারণে সেই অনুমোদন স্থগিত ছিল। পরবর্তীতে নতুন বিএনপি সরকার গঠনের পর গভর্নর পরিবর্তন হয়ে মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পর্ষদ আগের আবেদনগুলো থেকেই বাছাই করে এই চার প্রতিষ্ঠানকে অনুমোদন প্রদান করে।