স্বামীর কবর জিয়ারত করে ফেরার পথে স্ত্রী নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ স্বামীর কবর জিয়ারত করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী সেলিনা পারভিন শেলি (৪১)। এ ঘটনায় সেলিনার একমাত্র সন্তান সাকিব ও প্রতিবেশী যুবক রুবেল গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বিষয়খালী নামক স্থানে। নিহত শেলি পেশায় বেসরকারি প্রাইভেট হাসপাতালের নার্স ছিলেন বলে জানা গেছে। আহত সাকিব হোসেন জানান, তার পিতা আশরাফুল ইসলাম গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার তার মায়ের সঙ্গে কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে যান পিতার কবর জিয়ারত করতে। ঝিনাইদহে ফেরার পথে বিষয়খালী বাজারে তাদের মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে খারাপ রাস্তার কারণে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে সেলিনা পারভিন শেলি মারা যান। দুর্ঘটনায় আহত রুবেল হোসেন সদর উপজেলার শিকারপুর গ্রামের ওমর আলীর ছেলে। সেলিনা পারভিন শেলির মৃত্যুর খবর নিশ্চত করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোহা ইসলাম।