স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে আজ বৈঠকে বসছে বিএনপি

0
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ থেকে শুরু।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সংসদীয় গণতন্ত্রের নতুন এই অভিযাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তেও নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা বসছেন, তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

আজ বুধবার সকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিএনপি দলীয় সূত্রমতে, স্পিকার পদের জন্য আব্দুল মঈন খান ও ওসমান ফারুকের নাম তালিকায় থাকলেও দলের নীতিনির্ধারকদের পছন্দের শীর্ষে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। যেহেতু বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন, তাই অধিবেশনের শুরুতে সভাপতির দায়িত্ব পালনে জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করতে পারেন।

এদিকে, সংসদীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। তবে জামায়াত এই পদটিকে ‘উদারতা’ বা ‘অনুগ্রহ’ হিসেবে নিতে নারাজ।

দলটির দাবি, ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী আইনসভায় বিরোধী দলের অংশীদারিত্ব একটি স্বীকৃত অধিকার। আজ বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে।