সুন্দরবনে ৩ জেলের লাখ টাকা জরিমানা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী বনস্টেশন অফিসের সদস্যরা নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল)   ভোররাত সাড়ে ৩টার দিকে নোটাবেকী বনস্টেশন কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে সুন্দরবনে মাহমুদা নদী থেকে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত নৌকা ও আনুসঙ্গিক মালামাল জব্দ করেন বনকর্মীরা। আটক তিন জেলে হলেন- হরিনগর গ্রামের ছফেদ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান, মৃত একব্বার গাজীর ছেলে আমিনুর রহমান ও হেতালখালী গ্রামের রাজ্জাক গাজীর ছেলে রবিউল ইসলাম। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে এক লাখ টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়েছে।