সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে আটক ১

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের খালে বিষ মাছ ধরার অপরাধে রাসেল তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে বন সংলগ্ন তজু মিয়ার গেট এলাকা থেকে ভোলা ফরেস্ট ক্যাম্প সিপিজি দলের সদস্যরা তাকে আটক করে বনবিভাগকে খবর দেয়। নৌকায় থাকা অপর দুজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা ও প্রায় ১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের নুর ইসলামের ছেলে বেল্লাল হোসেন ও মাতুব্বরের ছেলে আব্দুল জলিল মাতুব্বর। আটক রাসেল তালুক্দার একই গ্রামের বাসিন্দা। তাকে রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে উপজেলার সোনাতলা গ্রামের রশীদ তালুক্দারের ছেলে রাসেল তালুকদারকে মাছ ও নৌকাসহ আটক করা হয়। এ সময় একই গ্রামের নুর ইসলামের ছেলে বেল্লাল হোসেন ও মাতুব্বরের ছেলে আব্দুল জলিল পালিয়ে যান ।