সুন্দরবনে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

0

 

কয়রা(খুলনা)সংবাদদাতা॥ সুন্দরবনের মালবাহী কার্গো জাহাজ ধাক্কা দেওয়ায় ডুবে যাওয়া কাঁকড়া ধরার নৌকার জেলে নুর ইসলামের লাশ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। মৃত নুর ইসলাম (৪৮) উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদারপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে। হতদরিদ্র নুর ইসলাম ২ সন্তানের জনক। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সুন্দরবনের নলবুনিয়া খাল হতে তার লাশ উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোমবার গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। সেই থেকে নিখোঁজ জেলের সন্ধানে অভিযান অব্যাহত রাখেন বন বিভাগের সদস্যরা। এরআগে গত ২১ নভেম্বর কাশিয়াবাদ স্টেশন হতে কাঁকড়া ধরার পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান নুর ইসলাম । কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তার সাথে থাকা অপর সঙ্গী জাকির হোসেন সাতরিয়ে নদীর কূলে ওঠেন। তবে সেই থেকে নুর ইসলামের কোন খোঁজ মেলেনি। তিন দিন পর উদ্ধার করা হয় তার লাশ।