সুন্দরবনের বৈকারী ও মাহমুদা খালে কাঁকড়া ধরার দায়ে ১৫ জেলে আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে আলাদা অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার অভিযোগে ১৫ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মীরা।  শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের বড় বৈকারী খাল ও মাহমুদা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, ৭৫টি আটনসহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে সুন্নত গাজী, মাজেদ গাজীর ছেলে খায়ের গাজী, রমজান গাজীর ছেলে কুদ্দুস গাজী, মরাগাং গ্রামের জহুর মিস্ত্রীর ছেলে আব্দুল জলিল মিস্ত্রী, পার্শ্বেখালী গ্রামের নেকবত গাজীর ছেলে রাশিদুল গাজী, মোহর আলী গাইনের ছেলে নজরুল ইসলাম গাইন, খালেক মোল্যার ছেলে আব্দুস সালাম, জব্বার গাজীর ছেলে আব্দুল আলিম, যতীন্দ্রনগর গ্রামের ছবেদ আলী মোল্যার ছেলে গফুর মোল্যা, গফুর মোল্যার ছেলে ফয়জুল্যাহ, ছোটভেটখালী গ্রামের ইসমাইল গাজীর ছেলে নওশের গাজী, কেরামত গাজীর ছেলে কওছার গাজী, শাহাদাৎ মোড়লের ছেলে আমিরুল মোড়ল এবং কয়রা উপজেলার বোতল বাজার গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে শফিকুল ইসলাম ও জামির উদ্দীন গাজীর ছেলে আজিবর গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে সংরক্ষিত এলাকায় জেলেদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওই জেলেরা সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় আটক করা হয়। আটক জেলেদের ৯ জনকে বন আইনে সোয়া লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে। বাকি জেলেদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে।