“সুন্দরবনের কাছে গণক্ষমা ”

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলায় বন-বিনাশী অপরাধমূলক কর্মকান্ডের দায়ে গণক্ষমা প্রার্থনা করেছে বিভিন্ন সংগঠন ও স্থানীয়রা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন দিবস উপলক্ষে পূর্ব সুন্দরবনের ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ এবং ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এই গণক্ষমা কর্মসূচি পালন করা হয়। গণক্ষমা প্রার্থনা কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানি বন্ধ করো, সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ করো, পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ করো, বিষ দিয়ে মৎস্য নিধন বন্ধ করাসহ লিখিত বিভিন্ন ফেস্টুন-প্লাকার্ড হাতে নিয়ে বনজীবিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাদাবন সংঘের মোংলা এরিয়া ম্যানেজার অজিফা বেগম,বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা নদীকর্মী হাছিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, তরুণ মন্ডল প্রমূখ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলার আহ্বায়ক মো. নূর আলম শেখ বলেন, মানুষের বন-বিনাশী কর্মকান্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে এবং টেকসই উন্নয়নের স্বার্থে বন-বিনাশী কর্মকান্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে।