সীমান্ত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

0
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে রঘুনাথপুর বিওপির কাছে এনসিপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারী।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো নাগরিক অপরাধী হলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যার সুযোগ কাউকে দেওয়া যায় না। এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে এবং ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বুধবার দুপুরে যশোরের বেনাপোল থানার সাদিপুর সীমান্ত এলাকায় রঘুনাথপুর বিওপির কাছে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাটওয়ারী বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এসব এলাকায় পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নেই। সীমান্তের মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজিবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিজিবির পাশে আছে। সীমান্তে ভারতীয় নাগরিকরা অবাধে নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন কার্যক্রমেরও তীব্র বিরোধিতা করেন তিনি।

হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পাটোয়ারী বলেন, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে হবে। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটিও স্পষ্ট করতে হবে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিবি সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি এবং আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের দাবিও জানান এনসিপির এই নেতা।