সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

0
সিরাজগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ছাত্রদলে যোগদান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের শিয়ালকোল এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে জুলাই আন্দোলনে ছাত্রদের বীরত্বগাথা স্মরণ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি শুরু থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক লড়াইয়ের ফলেই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে এই তরুণরাই হবে মূল চালিকাশক্তি।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন। ছাত্রদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছির ইনতেসার অয়ন, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত ইসান এবং মুখ্য সংগঠক জুবায়ের আল সিজান। যোগদানকারী ছাত্র নেতারা জানান, আগামীর সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে তারা রাজপথে সক্রিয় থাকবেন।