সাড়াপোলে মেডিসিন ব্যাংকের স্বাস্থ্য সেবা পেলেন ৭৬৫ জন

0

স্টাফ রিপোর্টার॥ সকাল থেকেই যশোর সদরের সাড়াপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ভিড়। কেউ এসেছেন চোখের সমস্যা নিয়ে, কেউবা কোলের শিশুকে নিয়ে, আবার কেউ এসেছেন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে। প্রত্যন্ত অঞ্চলের এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মেডিসিন ব্যাংক যশোর’। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের দ্বারে পৌঁছে দেওয়া হয়েছে আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।

শনিবার সদর উপজেলার চাঁচরা ইউনিয়নে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে মেডিসিন ব্যাংক যশোর। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা সচিব অধ্যাপক নার্গিস বেগম আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘সকল ধর্মের মূল কাজ হলো মানবতার সেবা করা। মেডিসিন ব্যাংক দীর্ঘ দিন ধরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানবসেবা করে আসছে।’ হাসপাতালে ভর্তি রোগীর ওষুধ কিংবা রক্তের প্রয়োজন হলে মেডিসিন ব্যাংকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

আগামীতে এই জাতীয় কার্যক্রমের পরিধি বাড়ানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা বিএনপির পক্ষে থেকে ইউনিয়নে ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প করেছি। বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেখানে সেবা দিয়েছেন। চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই কার্যক্রম করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন ব্যাংকের চেয়ারম্যান ও যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন ব্যাংকের সচিব ডা. আবুল কালাম আজাদ লিটু, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ম-সচিব আবুল বাশার সাইফুদ্দৌলা, সদস্য জুলফিকার আলী, জাহিদ আহমেদ লিটন, যোগেশ দত্ত, আবু সাদ শাওন প্রমুখ।

ক্যাম্পটি ছিল যেন একটি ভ্রাম্যমাণ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ দল দিনভর নিরলস সেবা দিয়ে গেছেন। এদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী, ডা. হিমাদ্রি শেখর সরকার, ডা. মাসুম রেজা ও ডা. এনামুল কবির, ডা. হোসনে আরা পারভীন ও ডা. এস এম মোর্তুজা মোর্শেদ
দিনশেষে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু ও দন্ত বিভাগে মোট ৭৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু পরামর্শই নয়, প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ।

সবচেয়ে আশার কথা হলো, ক্যাম্প থেকে ২৬ জন চোখের ছানি পড়া রোগী সনাক্ত করা হয়েছে। এই অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের দায়িত্ব নিয়েছে মেডিসিন ব্যাংক।