সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের এক ঘণ্টা অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

0
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।। ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মিরপুর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। একই দাবিতে বগুড়াতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এক ঘণ্টা অবরোধ শেষে শিক্ষার্থীদের একটি দল ঢাকা কলেজের সামনে এবং আরেকটি দল টিএসসির দিকে অগ্রসর হলে সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অভিযোগ করে বলেন, ‘পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি ছয়টি প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো অত্যন্ত কঠিন করা হয়েছে। এখন আমি যদি ফেল করি, এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন?’

অন্যদিকে, ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, ‘বৈরী আবহাওয়ার ভেতরে পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি। অনেকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে, কারও প্রবেশপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। যিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না, আমরা তাঁর পদত্যাগ চাই।’

এদিকে, একই দাবিতে আজ বেলা ১১টার দিকে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা শহরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয়। কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ দাবি করে; অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে।