সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্ত্রী তন্দ্রার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

0

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিদেশগমন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তন্দ্রা ভট্টাচার্য্যরে আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের করা আলাদা আবেদনের প্রেক্ষিতে সোমবার যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. সিরাজুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্র্য্যরে বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্র্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলম সংস্থার যশোর কার্যালয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়, আসামি তন্দ্রা ভট্টাচার্য্য স্বামী স্বপন ভট্টাচার্য্যরে সাথে পরস্পর যোগসাজসে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়াও ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করার জন্য রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করেছেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তন্দ্রা ভট্টাচার্য্য।

ওই মামলায় আসামি স্বপন ভট্টাচার্য্য ও তন্দ্রা ভট্টাচার্য্যরে বিদেশগমন রহিতকরণের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। এছাড়া তিনি তন্দ্রা ভট্টাচার্য্যরে আয়কর নথি জব্দের জন্য আদালতে আলাদা আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালতের বিচারক উল্লিখিত আদেশ প্রদান করেন।