সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর আব্দুল ওয়াহাবের ইন্তিকাল

নার্গিস বেগমসহ বিএনপি নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, যশোর শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক এবং যশোর সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আব্দুল ওয়াহাব ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বুধবার সকাল ১০টায় যশোর শহরের বেজপাড়া এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেলে বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

প্রফেসর আব্দুল ওয়াহাবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় তারা বলেন, ‘অধ্যাপক আব্দুল ওয়াহাব ছিলেন একজন গুণী শিক্ষক ও আদর্শনিষ্ঠ রাজনীতিক। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব ছিল প্রশংসনীয়। তিনি জাতীয়তাবাদী দর্শনের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। তার মৃত্যুতে যশোরবাসী একজন শ্রদ্ধেয় শিক্ষাবিদকে হারাল, আর বিএনপি হারাল একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও পৃথক এক শোকবার্তায় যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান খান মিঠু শোক প্রকাশ করেন।