আমরা জঞ্জাল পরিষ্কার করে দেশকে ঢেলে সাজাচ্ছি : নিতাই রায় চৌধুরী

0
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, এমপি বলেছেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা,সংস্কৃতি,আইন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি। বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই আমরা ব্যর্থ হবো না।

গত শুক্রবার বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন,দেশের হারিয়ে যাওয়া সুস্থধারার সংস্কৃতি পুনরুদ্ধারে ৪৮টি দেশের সাথে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য অ্যাকাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস।