মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল গুলি ও এস্কাফ সিরাপ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ ও মহেশপুর সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,গুলি ও মাদক হিসেবে ব্যবহৃত এসকাফ সিরাপ জব্দ করেছে। শনিবার ভোরে উপজেলার বেলেহাটি গ্রাম থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিকি কাউকে আটক করতে পারেনি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল।

এ সময় বিজিবি সদস্যরা ২ জন অজ্ঞাত চোরাকারবারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করেন।

বিজিবির ধাওয়ার মুখে চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামে জঙ্গলের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল জঙ্গল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ওই সাদা প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খোলার পর ভেতরে ইতালির তৈরি ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।